বিশ্বজুড়ে বর্তমানে খাদ্যের যে সংকট দেখা দিয়েছে তা কখনোই রাশিয়ার ভুলে নয়; এরপরও শস্য ও সার রফতানির মধ্যমে খাদ্যের ঘাটতি দূর করতে সাহায্যের জন্য প্রস্তুত মস্কো। যদিও এ ক্ষেত্রে রুশ কর্তৃপক্ষের ওপর রাজনৈতিকভাবে পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে।
রাশিয়ান সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৬ মে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘিরের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেছেন।
পুতিনের ভাষায়, বিদ্যমান কৃষি সংকটের ক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন। মহামারি করোনা ভাইরাসের থাবায় উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে মূলত সংকটের সূচনা হয়। যদিও ইউক্রেনে সংঘাত শুরুর পর রুশবিরোধী নিষেধাজ্ঞার ফলে সংকট ত্বরান্বিত হয়েছে।
প্রেসিডেন্ট পুতিন বলেছেন, শস্য ও সার রফতানির মাধ্যমে খাদ্য ঘাটতি নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে প্রস্তুত আমরা। তবে সে জন্য পশ্চিমা নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে।
এ সময় মারিও দ্রাঘিরকে পুতিন জানিয়েছেন, রাশিয়া আজভ সাগরকে সামুদ্রিক যান চলাচলের জন্য ফের খুলে দিয়েছে ও বেসামরিক জাহাজ চলাচলের জন্য কৃষ্ণ সাগরে একটি নিরাপদ লেন চালু রেখেছে।
এর আগে দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, নিজস্ব বাজারে নেতিবাচক প্রভাবের জন্য খাদ্যপণ্য রফতানি বন্ধ করা হবে। খাদ্য সংকট নিয়ে পশ্চিমা নেতাদের দেওয়া বিবৃতির প্রতিক্রিয়ায় তিনি হুঁশিয়ারিটি উচ্চারণ করেন।